শুক্রবার, ২৮ মে, ২০২১

কোর্ট গল্প ৩


কেন উকিলেরা ভাত পায় না; তা আমার ক্লায়েন্ট চোখে আঙুল দিয়ে দেখালো। সেই গল্প করছি আজ,,,


রেশমীর বয়স ২৯/৩০ বছর। বিবাহিত মহিলা এবং দুই বাচ্চার মা। রেশমী আমার পুরাতন ক্লাইন্ট। শুধু মাত্র মামলার বিষয় নয়, পারিবারিক বিভিন্ন সমস্যা নিয়েও সে আমার সাথে আলোচনা করে। সেই সূত্র ধরেই রেশমীর পরিবারের সাথেও আমার ভালো সম্পর্ক। গতকাল বিকলে রেশমী একটি অচেনা ৩০/৩২ বছর বয়সী  লোককে নিয়ে আমার  চেম্বারে এলো। সে বলল, "আফা জরুরী কাজ আছে। আপনার সাথে নিরিবিলি একলা কথা বলা দরকার "। 

আমি তো মহা খুশি, কারণ কাজ থাকলে কিছু আয় রোজগার হবার সম্ভাবনাও আছে, তাই। করোনা ভাইরাস ঠেকাতে প্রথমে ২০২০ সালে দীর্ঘ মাস কোর্ট বন্ধ ছিল। সেই ধাক্কা সামলাতেই টালমাটাল অবস্থা। এবার ২০২১ সালে আবার করোনা সংক্রমণ বাড়ায় দ্বিতীয়বারের জন্য এপ্রিলের চার তারিখ থেকে কোর্ট বন্ধ। আয় রোজগারের অবস্থা খুব খারাপ। শুধুমাত্র হাত খালি নয়, পা'ও খালি। তাই, তাড়াতাড়ি অন্য সব কাজ বাদ দিয়ে রেশমীর সাথের লোকটাকে পাশের রুমে বসিয়ে রেশমীর সাথে একলা নিরিবিলি কথা বলতে বসলাম,,,, 

রেশমী বলা শুরু করলো,,,, ওর স্বামী খারাপ, বিশ্ব বদমাশ, আস্ত হারামজাদা, সংসারে মনোযোগ নেই, আন্তর্জাতিক টাউট, গাঞ্জাখোর, বাচ্চাগুলো গোল্লায় যাচ্ছে-- এতো ঝামেলা করে কি সংসার করা যায়!!এই সব নিয়ে কিছুক্ষণ প্যাঁচাল ট্যাচাল পারলো। 

এরপর সে আমাকে বলল, আফা, আমি ওর সংসার করুম না। নতুন করে সংসার করুম। পোলা ঠিক করছি। ঐ যে, সাথে কইরা নিয়া আইছি আপনের চেম্বারে, ঐ পোলা। আমাগোরে বিয়া করায়ে দেন,,,,

এইবার ঘটনা বুঝলাম। আমি প্রথমে তাকে অনেক বুঝালাম যে, তোমার বাচ্চাকাচ্চা আছে, আর সবার সংসারেই এমন অশান্তি কমবেশি থাকে,,,,, ইত্যাদি  ইত্যাদি। কিন্তু সে কোন কথা শুনবে না।  বিয়ে করবেই। তখন বললাম, "আচ্ছা ঠিক আছে, আগে তো ডিভোর্স দিতে হবে। আর ডিভোর্স তো কোন খেলা খেলা না, তাই তুমি আজ বাড়ি যাও, বড়দের সাথে কথা বল, স্বামীর সাথে বস, চিন্তাভাবনা কর, বাচ্চাদের কথা ভাবো, আরো সময় নাও। এরপর যদি ডিভোর্সের সিদ্ধান্তে আসো, তবে ডিভোর্স করাবো। ডিভোর্সের পর তিনমাস ইদ্দতকালীন সময় পার হবে,, তারপর তো বিয়ে।",,, 

আমার উপদেশ বানী শুনে রেশমী রেগেমেগে বলল, "আফা, এতো কিছু কইরা কি বিয়া হয়! আর, আফা, আপনি এই সব ইদ্দত ফিদ্দত কি কন! আপনি কি পাগল হইছেন! আমি আগে বিয়ে করুম। তারপর ব্যাকডেটে ডিভোর্স দিমু। ডিভোর্স দিয়া বইয়া থাকুম, পরে এই ব্যাটায় যদি আমায় বিয়ে না করে! শেষমেশ আপনের কথা শুইনা আমি দুই কূলই হারাবো! কিয়ের উকিল হইছেন। আপনে আমারে উকালতি শেখান!! এই উকালতি কইরা তো আপনে খাওন পাবেন না,,, দেখতাছি আফা, আপনে তো কুনো কামেরই না,,,,"


,,,,,,,,,,,,,,রেশমীর কথা শুনলাম। বুঝলাম, আসলেই আমি কুনো কামের না,,,!!

 

কোন মন্তব্য নেই:

Haha

মুভি রিভিউঃ "৯৬"

  "৯৬" সিনেমাটি দেখার পর মুভি রিভিউ দেয়ার জন্য হাত নিশপিশ করছিল। তাই রিভিউ না দিয়ে পারলাম না,,,, মুভি রিভিউঃ "৯৬"  (...